বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল গণমানুষের যুদ্ধ; এটি আওয়ামী লীগের যুদ্ধ নয়। তিনি বলেন, সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যেই সেই যুদ্ধ হয়েছিল, কিন্তু স্বাধীনতার পরপরই দুঃশাসনের সূচনা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মেজর (অব.) হাফিজ বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সঠিক ও গ্রহণযোগ্য হয়, তবে যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, তা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, ‘একাত্তরের যুদ্ধ ছিল গণযুদ্ধ, এটি আওয়ামী লীগের যুদ্ধ নয়। সাম্য প্রতিষ্ঠার সেই যুদ্ধের পরেই, ৭১–এর পর দুঃশাসন শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘১৩ আসন যাদের পুঁজি, তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে এবং এখন নতুন ফর্মুলা হিসেবে পিআর পদ্ধতির কথা সামনে আনছে।’
একটি গোষ্ঠী গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিতে চায়—এমন অভিযোগ করে মেজর (অব.) হাফিজ বলেন, বিএনপি ক্ষমতায় না এলে ভুল ইতিহাস চর্চা আবারও শুরু হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ অনেক হত্যার চেষ্টা করবে এবং তা প্রতিরোধ করার সক্ষমতা একমাত্র বিএনপিরই রয়েছে।