বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মুক্তিযুদ্ধকে নিয়ে কাউকে উস্কানি দেওয়া ঠিক হবে না। যারা যুদ্ধ করেছে, তাদেরও উস্কাবেন না। মুক্তিযোদ্ধারা বয়সের ভারে নুয়ে পড়তে পারেন, কিন্তু তাদের সন্তানেরা এখনও বেঁচে আছে। প্রয়োজন হলে তারাও যুদ্ধ করতে প্রস্তুত থাকবে।
মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজিত বিজয় র্যালির আগে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, হঠাৎ করে আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেছে বলেই মুক্তিযুদ্ধকে খাটো করে দেখানোর কোনো সুযোগ সৃষ্টি হয়নি। মুক্তিযুদ্ধ কোনো একক দলের সম্পত্তি ছিল না, এটি ছিল এ দেশের মানুষের সংগ্রাম। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ ছিল একটি সর্বাত্মক জনযুদ্ধ। কৃষক, জেলে, কামার-কুমারসহ সমাজের সব স্তরের মানুষ এতে অংশ নিয়েছিলেন।’
তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ বা বিদ্রূপ করছে, তাদের জবাব কোনো রাজনৈতিক দল নয়—সাধারণ মানুষই দেবে। শহীদের রক্ত ও মায়ের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সঙ্গে কোনো ধরনের খুচরা রাজনীতি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত র্যালিটি ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, যুবদলের সভাপতি আলামিন খান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।