বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংগঠনের সদস্যদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। এতে ছাত্রশিবিরের মোট ৫ হাজার ৭৪২ জন সদস্য ভোট দেন।
সংগঠনটির কেন্দ্রীয় সহকারী অফিস সম্পাদক আবু জাফর শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেবেন। এ সংক্রান্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের বাড়ি খুলনার সোনাডাঙ্গা উপজেলায়। তিনি খুলনার দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে মানবসম্পদ ব্যবস্থাপনায় পেশাদার স্নাতকোত্তর ডিগ্রিতে অধ্যয়নরত।
ছাত্রশিবিরে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে সাদ্দামের। সভাপতি নির্বাচিত হওয়ার আগে তিনি সংগঠনটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (২০২৪), কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক (২০২৩), কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সচিব (২০২২), কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সচিব (২০২০–২১) এবং খুলনা সিটি সভাপতি হিসেবে (জানুয়ারি ২০১৯–জুলাই ২০২০) দায়িত্ব পালন করেন।
নতুন নেতৃত্বে সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন ছাত্রশিবিরের নেতা–কর্মীরা।