বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি এক আবেগঘন ফেসবুক পোস্টে খালেদা জিয়ার সঙ্গে তাঁর দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ পোস্টে ব্যারিস্টার পার্থ জানান, ২০০৮ সালে তাঁর পিতার মৃত্যুর পর জীবনের এক কঠিন সময়ে তিনি খালেদা জিয়ার সান্নিধ্যে আসার সুযোগ পান। সে সময় নিজের অবস্থাকে তিনি ‘পালবিহীন নৌকা’র সঙ্গে তুলনা করেন। পোস্টে তিনি লেখেন, ‘সম্পর্কটা রাজনৈতিক হওয়ার কথা থাকলেও সম্পর্ক ছিল স্নেহের, শ্রদ্ধার আর আস্থার। দেশনেত্রী আমাকে পাশে বসাতেন, রাজনীতি বোঝাতেন, প্রশংসা করতেন।’
সংসদে দেওয়া নিজের বক্তৃতার প্রসঙ্গ তুলে ধরে পার্থ লেখেন, ‘আমার বক্তৃতা শোনার পর তিনি বলতেন: ‘‘পার্থকে আরও সময় বাড়িয়ে দাও, ও ভালো বলে।’’ লক্ষ লক্ষ মানুষের জনসভায় বলতেন: ‘‘এই যে পার্থ বলে গেল।’’ সেই বয়সে দেশনেত্রীর সেই কথাগুলো দেশজুড়ে আমার ভাবমূর্তি ভিন্ন স্তরে নিয়ে গিয়েছিল।’
স্মৃতিচারণে তিনি ২০১৩–১৪ সালের একটি ঘটনার কথাও উল্লেখ করেন। সে সময় তৎকালীন সরকারের ‘জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব এবং ২০ দল ভেঙে যাওয়ার গুঞ্জনের মধ্যে তিনি বিএনপির গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান বলে জানান।
পার্থ লেখেন, ‘রুমে ঢুকতেই দেশনেত্রী বললেন: ‘‘কি পার্থ, তুমিও কি চলে যাচ্ছ?’’ আমি খানিকক্ষণ চুপ থেকে বলেছিলাম, আপনার গাড়িতে প্রধানমন্ত্রীর পতাকা ওঠার আগে, আমার গাড়িতে পতাকা উঠবে না ইনশাআল্লাহ। আজ দেশনেত্রী প্রধানমন্ত্রী পদের বহু উপরে উঠে গিয়েছেন। আজ উনি মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী, হৃদয়ের নেত্রী।’
পোস্টের শেষাংশে নিজের এবং পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে ব্যারিস্টার পার্থ লেখেন, ‘ধন্যবাদ দেশনেত্রী, বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য। ধন্যবাদ দেশনেত্রী, আমার পাশে থাকার জন্য। আমি এবং আমার পরিবার আপনার কাছে চিরঋণী, চির কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক।’
এদিকে, এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ব্যক্তিগতভাবে সমবেদনা জানান।