বিগত সরকারের শাসনামলে গুম ও খুনের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের কান্না ও আর্তনাদে ভারি হয়ে ওঠে রাজধানীর চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্র। ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত মতবিনিময় সভায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের বর্ণনা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও।
‘এ বছর যায়, নতুন বছর আসে; কিন্তু আমাদের বাবা আর আসে না। ৫ আগস্টের পর এক বছরের বেশি সময় পার হয়ে গেল, কিন্তু আমরা কাউকে ফিরে পেলাম না’—কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন ২০১৩ সালের ২ ডিসেম্বর শাহবাগ থেকে গুম হওয়া পারভেজের কন্যা ঋদি। তিনি প্রশ্ন তোলেন, বাবার হাত ধরে স্কুলে যাওয়ার যে স্বপ্ন, তা আদৌ পূরণ হবে কি না। ঋদি বলেন, আড়াই বছর বয়স থেকে মায়ের কোলে করেই তিনি এসব কর্মসূচিতে আসছেন; ছোটবেলা থেকেই বাবার সঙ্গে স্কুলে যাওয়ার স্বপ্ন থাকলেও তা আজও পূরণ হয়নি।
মাত্র দুই মাস বয়সে সাফার বাবা নিখোঁজ হন। বাবাকে কখনো ডাকাও হয়নি—এটাই তাঁর আক্ষেপ। বাবার সঙ্গে কোনো স্মৃতিও নেই। কাঁদতে কাঁদতে সাফা বলেন, এক যুগ ধরে সবাই বাবার অপেক্ষায় আছেন; বহু জায়গায় খোঁজ নিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি।
সমবয়সীদের বাবাদের হাত ধরে হাঁটা শেখার দৃশ্যের সঙ্গে নিজের শূন্যতাকে তুলনা করেন তিন বছর বয়সে বাবাকে হারানো মিম। তাঁর কথায়, অন্য শিশুদের পাশে বাবাদের দেখলেও নিজের বাবাকে তিনি খুঁজে বেড়ান।
মিম, সাফা, ঋদির মতো গত ১৭ বছরে বিচারবহির্ভূত হত্যা ও গুমের ঘটনায় অসংখ্য পরিবার স্বজন হারিয়েছে—কেউ বাবা, কেউ সন্তান, কেউ ভাই, আবার কেউ স্বামী। তাঁদের একমাত্র দাবি সুষ্ঠু বিচার। ভুক্তভোগীদের এই কান্না ও আর্তনাদ শুনে সভায় আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমানও।
দীর্ঘ নির্বাসিত জীবন কাটানো বিএনপি চেয়ারম্যান স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, গুম–খুনের বিভীষিকাময় দিন ও রাতের অবসান ঘটেছে। তিনি বলেন, ‘দেশের মানুষ গণতেন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। এক দুঃসময় আমরা অতিক্রম করেছি। অনেক সন্তান এখনো অপেক্ষায় রয়েছে, তাদের বাবা হঠাৎ করে দরজায় এসে কড়া নাড়বে। অনেক মা হয়তো এখনো অপেক্ষায় রয়ছেন, তার সন্তান হঠাৎ করে বাড়ি ফিরে দেখা দিবে।’
ভুক্তভোগী পরিবারের এক সদস্য বলেন, ভবিষ্যতে যেন কেউ এমন অপরাধ করার সাহস না পায়—এমন কঠোর আইন প্রণয়নের দাবি জানান তাঁরা।
শেখ হাসিনার শাসনামলে গুম ও খুনের ঘটনায় বহু মানুষ ভুক্তভোগী হয়েছেন বলে পরিবারগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়।