রাজধানীর কড়াইল বস্তির কাঁচা ঘরে বসবাসকারীদের জন্য পাকা দালান নির্মাণ করে ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে এ উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। দোয়া মাহফিলটি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয়।
কড়াইল বস্তির বাসিন্দাদের উদ্দেশে তারেক রহমান বলেন, তাঁদের বসবাসের কষ্ট লাঘব করতে পর্যায়ক্রমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, সেখানে উঁচু দালান নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট তৈরি করা হবে এবং সেগুলো সংশ্লিষ্ট বাসিন্দাদের নামে নিবন্ধন করে দেওয়া হবে।
কড়াইল বস্তির আবাসন সংকটের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নের প্রতিশ্রুতিও দেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, বস্তির শিশুদের পড়াশোনার সুযোগ বাড়াতে স্কুল স্থাপন করা হবে। পাশাপাশি খেলাধুলার পরিবেশ ও মাঠ তৈরির ব্যবস্থাও রাখা হবে।
স্বাস্থ্যসেবার প্রসঙ্গে তারেক রহমান বলেন, এলাকাবাসীর চিকিৎসাসেবার সুবিধার্থে স্থানীয় পর্যায়ে ক্লিনিক ও হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে, যাতে চিকিৎসার জন্য দূরে যেতে না হয়।
কড়াইল বস্তিটি রাজধানীর ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত। আসন্ন সংসদ নির্বাচনে এই আসন থেকেই প্রার্থী হয়েছেন তারেক রহমান। প্রতীক বরাদ্দ শেষে ২২ জানুয়ারি নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে।
নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের প্রতিশ্রুতি আচরণবিধির মধ্যে পড়ে কি না, তা তিনি জানেন না। তবে তিনি আল্লাহর রহমতের ওপর ভরসা রেখে কাজ করতে চান বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, গত শতকের নব্বইয়ের দশকে তিনটি সরকারি সংস্থার প্রায় ৯৩ একর জমি দখল করে কড়াইল বস্তির বিকাশ ঘটে। বর্তমানে রাজধানীর সবচেয়ে বড় এই বস্তিতে প্রায় ৪০ হাজার ঘরে নিম্ন আয়ের মানুষের বসবাস।