সিলেটে বিএনপির নির্বাচনী সমাবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই সমাবেশ।
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
দলীয় নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছেন সভাস্থল। নেতা-কর্মীদের সঙ্গে ভিড় বাড়ছে সাধারণ মানুষেরও। নগরীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল।
ব্যানার, লাল-সবুজ পতাকা আর পোস্টারে ছেয়ে গেছে সড়কের দুই পাশ। মাইকে ভেসে আসছে দলীয় গান ও স্লোগান। অনেকেই মাথায় দলীয় ক্যাপ, ব্যাজ পরে সভাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন।
বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা বলেন, এবার ধানের শীষকে বিজয়ী করতেই হবে।
আমরা নতুন করে স্বপ্ন দেখতে চাই। তারেক রহমানের নেতৃত্বেই দেশ গড়ার স্বপ্ন দেখি। নেতার জন্যই সমাবেশে এসেছি। এত বছর পর তিনি আসছেন—এই সুযোগ হাতছাড়া করা যাবে না।
সমাবেশস্থলে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের বাইরেও আসছেন জোটের সমর্থকেরা।
তারাও স্লোগানে স্লোগানে স্বাগত জানাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে।