ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে ফরিদপুরকে আলাদা বিভাগ করার দীর্ঘদিনের দাবি পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নদীভাঙন ও পানিসংকট সমাধানসহ কৃষি ও কর্মসংস্থান খাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি ১২ ফেব্রুয়ারির ভোটে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ফরিদপুরের দীর্ঘদিনের সমস্যা নদীভাঙনের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে এই অঞ্চলের নদীভাঙন স্থায়ীভাবে সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পানিসংকট নিরসনে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
কৃষিখাতের প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষকদের সহায়তা ও কর্মসংস্থান বাড়াতে বিএনপি ‘কৃষক কার্ড’ চালু করার প্রতিশ্রুতি দিয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষকদের সরাসরি সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি।
বক্তব্যে তিনি একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেন, জনগণের ভোটাধিকার নস্যাৎ করার ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণ তাদের গুপ্ত নামে চেনে বলেও মন্তব্য করেন তিনি। সময় ও পরিস্থিতি অনুযায়ী তারা একেক সময় একেক রূপ ধারণ করে—এমন অভিযোগও করেন তারেক রহমান।
তিনি বলেন, এ ধরনের গোষ্ঠীর জনগণের ওপর কোনো আস্থা বা বিশ্বাস নেই। নারীদের নিয়ে তাদের নেতার সাম্প্রতিক মন্তব্যের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, যারা দেশের মা–বোনদের নিয়ে অবমাননাকর ভাষা ব্যবহার করে, তাদের কাছ থেকে দেশের কল্যাণ আশা করা যায় না।
একাত্তরে তাদের ভূমিকার কথা মানুষ ভুলে যায়নি উল্লেখ করে তিনি বলেন, তারা মুখে এক কথা বলে, কাজে আরেকটা করে। যারা অনৈতিকভাবে রাজনীতি শুরু করেছে, তারা কীভাবে সৎ ও জবাবদিহিমূলক শাসন দেবে—সেই প্রশ্ন তোলেন বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে। দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়েই বিএনপি রাজনীতি করছে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।