ঢাকা-৮ আসনের নির্বাচনি লড়াইয়ে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। তবে ভোটের লড়াইয়ের মাঠ থেকে দৃশ্যপট বদলে গেল এই আলাপচারিতায়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শাহজাহানপুরে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-এর বাসভবনে আয়োজিত চা-চক্রে অংশ নেন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মেঘনা আলম। এটিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে জানানো হয়।
এদিন দুপুরে মেঘনা আলমের নির্বাচনি প্রচারণার সমন্বয়ক তাহরিন জেরিন জানান, মির্জা আব্বাসের আমন্ত্রণে চায়ের দাওয়াতে অংশ নিয়েছেন মেঘনা আলম। ভোটের ঠিক আগে এ সাক্ষাতের নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়নি।
সাক্ষাতের পর মেঘনা আলম তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। পাশাপাশি একই টেবিলে বসে আলাপচারিতার কয়েকটি ছবিও প্রকাশ করা হয়। ছবিতে দুই প্রার্থীকে হাসিখুশি দেখা যায়।
নির্বাচনি প্রচারের ব্যস্ত সময়ে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এ ধরনের সাক্ষাৎকে সাধারণ সৌজন্যের বাইরে দেখছেন কিছু রাজনৈতিক বিশ্লেষক। তাঁদের মতে, বিষয়টি কৌশলগত কোনো উদ্যোগের অংশও হতে পারে।