বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমানকে দেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর এ ঘোষণা দেন তিনি।
ডা. শফিকুর রহমান ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, তারেক রহমানের আগমন বাংলাদেশের জাতীয় রাজনীতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি আশা প্রকাশ করেছেন, সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে রাজনৈতিক পরিপক্কতা এবং পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় শুরু হবে।
জামায়াত আমির আরও বলেন, তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান যা ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ন্যায় ও ইনসাফের ওপর প্রতিষ্ঠিত। ১১-দলীয় জোটের সঙ্গে মিলেমিশে সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশ্বাস দিয়েছেন যে, নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, জাতীয় স্বার্থের ক্ষেত্রে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা থাকবে, তবে আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে আপসহীন থাকবেন। সরকারের জনকল্যাণমূলক কাজ সমর্থন করা হবে, কিন্তু যেখানে জবাবদিহিতার প্রয়োজন সেখানে সতর্ক ও সক্রিয় থাকবেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।