সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়-সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান দলটির আমির শফিকুর রহমান।
সভায় তিনি বলেন, বিগত সরকারের আমলে প্রাতিষ্ঠানিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। এগুলো পুনর্গঠনে সরকারি দলের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াত জনগণের পাশে থাকবে।
শফিকুর রহমান বলেন, ‘জনস্বার্থ ও দেশের স্বার্থ রক্ষাই হবে আমাদের মূল দায়িত্ব। সজাগ দৃষ্টি রেখে আমরা দায়িত্ব পালন করব।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু জায়গায় কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেওয়া ও উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ আছে। এগুলো বাদ দিলে নির্বাচন বাহ্যত শান্তিপূর্ণ মনে হতে পারে। জনগণ উৎসাহ নিয়ে ভোট দিয়েছে। তবে ভোট-পরবর্তী পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যা সংশ্লিষ্টদের জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, সংসদে কার্যকর ও গঠনমূলক বিরোধী দলের যে ভূমিকা বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায়, বাংলাদেশেও সেই সংস্কৃতি গড়ে উঠুক—এটাই দলটির প্রত্যাশা। বিরোধী দলের ন্যায্য অধিকার ও কথা বলার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
নতুন সরকারের সঙ্গে সহযোগিতার কথা জানিয়ে জামায়াত আমির বলেন, জাতীয় স্বার্থে হাতে হাত রেখে কাজ করা হবে। তবে স্বার্থ বিঘ্নিত হলে বিরোধী দলের দায়িত্ব পালন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সিন্ডিকেটের প্রভাব মোকাবিলায় সরকার সুযোগ তৈরি করলে সহযোগিতা করবে জামায়াত।
তিনি বলেন, অতীতে দেশে কার্যকর গণতন্ত্রের পরিবেশ ছিল না। সরকারি ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে, যদিও তা সহজ হবে না।
নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বিরোধী দলের অবস্থান থেকে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
সভায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দেশব্যাপী নির্বাচিত সংসদ সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।