চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী জনরায়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।
একইদিন বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশনে সর্বসম্মতভাবে স্পিকার হিসেবে নির্বাচিত হন তিনি। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ ও বীর বিক্রম।
জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন জমা পড়েছিল বলে অধিবেশন কক্ষকে অবহিত করেন সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন। একমাত্র প্রার্থী হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করা হয়।
স্পিকার হিসেবে দায়িত্ব পালনে হাফিজ উদ্দিন আহমদ সম্মতি প্রকাশ করলে সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামকে আহ্বান জানান। সংসদ সদস্য রকিবুল ইসলাম এই প্রস্তাব সমর্থন করলে তা কণ্ঠভোটে দেওয়া হয় এবং স্পিকার হিসেবে তিনি জয়যুক্ত হন।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। গণঅভ্যুত্থান পরবর্তী বিশেষ পরিস্থিতিতে এটিই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত প্রথম সংসদীয় অধিবেশন।
পূর্ববর্তী সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর অনুপস্থিতিতে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ সদস্য খন্দকার মোশাররফ হোসেন অধিবেশনে সভাপতিত্ব করেন। নিয়ম অনুযায়ী স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম পূর্ণতা পায়।