ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী এমএ কাইয়ুমের করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালত শুনানির পাশাপাশি ওই আসনের নির্বাচনের ব্যবহৃত ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, এই আসনে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে হাইকোর্টে এই নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ঢাকা-১১ আসন ছাড়াও আরও ৩০-এর বেশি প্রার্থী নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানিয়েছেন।
শুনানির জন্য এসব আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচনি সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এসব আবেদনের ওপর নিয়মিত শুনানি গ্রহণ করছেন।
হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এই বেঞ্চকে ২০০১ সালের সংশোধনীসহ ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনি আবেদনপত্র গ্রহণ ও শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে। এর ফলে বিতর্কিত আসনগুলোর ফলাফল আইনগতভাবে পর্যালোচনার সুযোগ তৈরি হলো।