বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদকসহ দলের সব পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। নবনির্বাচিত ডেপুটি স্পিকার হিসেবে সংসদের কার্যক্রমে নিরপেক্ষতা বজায় রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি স্বেচ্ছায় দলের চেয়ারম্যান বরাবর তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন।
পদত্যাগপত্রে ব্যারিস্টার কায়সার কামাল উল্লেখ করেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় অর্পিত দায়িত্ব নিরপেক্ষভাবে পালনের স্বার্থে তিনি দলের পদ ছাড়ছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। এর মাধ্যমে তিনি সংসদীয় রীতিনীতি অনুযায়ী নির্দলীয় অবস্থান থেকে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে একইদিন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সংসদীয় গণতন্ত্রের উচ্চতর চর্চা ও নিরপেক্ষতা বজায় রাখতে সংসদের শীর্ষ দুই পদের অধিকারীই একই পথে হাঁটলেন।
ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকেও পদত্যাগ করেন। সংসদীয় আসনে জনরায়ের প্রতিফলন ঘটাতে এবং সংসদকে কার্যকর করার লক্ষ্যেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে।