ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি এই প্রতিক্রিয়া জানান।
রুমিন ফারহানা বলেন, দল থেকে মনোনয়ন না পাওয়ার ফলেই তিনি উপলব্ধি করতে পেরেছেন যে দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অসংখ্য মানুষ তাকে কতটা ভালোবাসেন। কোনো নির্দিষ্ট দলের সীমাবদ্ধ গণ্ডিতে থেকে নির্বাচন করলে সাধারণ মানুষের এই ভালোবাসার গভীরতা বোঝা সম্ভব হতো না বলে তিনি উল্লেখ করেন।
সংসদীয় অধিবেশনে দেওয়া এই বক্তব্যে তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত স্নেহ দিয়ে আমাকে রাজনীতিতে এনেছিলেন। আমি বিশ্বাস করি, সংসদে তার যে অপূর্ণতা তৈরি হয়েছে, তা কোনোদিন পূরণ হওয়ার নয়।’
নারী অধিকার ও রাজনীতিতে নারীর অবস্থান প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারিতে একঝাঁক সাহসী নারী ও নতুন প্রজন্মের তরুণদের দেখা গিয়েছিল। কিন্তু এক বছর পার না হতেই সেই নারীরা রাজনীতিতে কেন হারিয়ে যাচ্ছেন, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। সাতজন নারী সংসদ সদস্য বিশিষ্ট এই সংসদে তিনি এই বিষয়টি গুরুত্বের সাথে উপস্থাপন করেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজপথের মিছিলে বা পুলিশের টিয়ারশেল ও লাঠিচার্জের সামনে নারীকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়। অস্থির সময়ে নারীর সাহায্য অপরিহার্য মনে হলেও পরিস্থিতি স্বাভাবিক হলে সেই নারীরাই আবার সামাজিক মাধ্যমে বিদ্রূপের শিকার হন। নারীর পোশাক, চেহারা বা হাসি নিয়ে উপহাস করা হয়। ৫২ শতাংশ মানুষকে পেছনে ফেলে ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলা কখনোই সম্ভব নয় বলে তিনি হুঁশিয়ারি দেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য (ভিসি) নিয়োগ প্রসঙ্গেও কথা বলেন রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, বর্তমানে প্রায় সব বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় ভিসি ও প্রো-ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। রাজনীতি করা কোনো দোষের বিষয় না হলেও দল না করার কারণে কেউ যদি নিয়োগবঞ্চিত হন, তবে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তিনি মন্তব্য করেন।