আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দলটি আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন, নিপাত ও নির্মূল হয়েছে, আর দাফন হয়েছে দিল্লিতে। রাজনৈতিক দল হিসেবে তাদের বিচারের দাবি উঠেছে, তদন্তও চলছে। খুব শিগগিরই আইন অনুযায়ী দলটিকে বিচারের মুখোমুখি করা হবে।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর পরও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। বরং তারা জুলাই যোদ্ধাদের অপরাধী এবং অভ্যুত্থানকে ‘জঙ্গি অভ্যুত্থান’ হিসেবে আখ্যা দিচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
জুলাই চেতনা নিয়ে রাজনৈতিক ফায়দা না তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন, তারা এখন দিল্লিতে অবস্থান করছেন। তাই চেতনা বিক্রির রাজনীতি থেকে সবাইকে বিরত থাকতে হবে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় তিনি ও তারেক রহমান নির্বাসনে ছিলেন। ২৪ ঘণ্টা সমন্বয়ের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের সংগঠিত করে জুলাই যোদ্ধাদের সামনে রেখে আন্দোলন পরিচালনায় ভূমিকা রাখা হয়েছিল।