আওয়ামী লীগ সরকারের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত কথিত ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘এনকাউন্টার’ বা অনুরূপ অভিযানে নিহত ব্যক্তিদের তথ্য প্রকাশের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে ১৪ দিনের মধ্যে সরকারি রেকর্ড অনুযায়ী কথিত ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’ বা অনুরূপ অভিযানে নিহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নিহতদের নাম, পরিচয়, ঠিকানা, ঘটনার তারিখ, সময় ও স্থান প্রকাশের আহ্বান জানানো হয়।
এছাড়া কোন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কার মৃত্যু হয়েছে, সংশ্লিষ্ট অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা ও অংশগ্রহণকারী সদস্যদের নাম, পদবি এবং কর্মস্থলের তথ্যও প্রকাশের দাবি করা হয়েছে।
নোটিশে প্রতিটি ঘটনার এফআইআর, সাধারণ ডায়েরি (জিডি), সুরতহাল প্রতিবেদন, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ম্যাজিস্ট্রেট বা বিভাগীয় তদন্তের বর্তমান অবস্থা ও ফলাফল জানাতে বলা হয়েছে।
সরকারি তদন্তে কোনো ঘটনাকে বিচারবহির্ভূত হত্যা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকলে, সে বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে বিভাগীয়, প্রশাসনিক বা ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না— তাও প্রকাশের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া নিহতদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ, পুনর্বাসন বা সহায়তা দেওয়া হয়েছে কি না এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকারের নেওয়া নীতিমালা ও সংস্কারমূলক পদক্ষেপের তথ্যও চাওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, নির্ধারিত ১৪ দিনের মধ্যে এসব তথ্য সরবরাহ না করা হলে অথবা সন্তোষজনক জবাব না পাওয়া গেলে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে।