ভারতের মাটিতে বিশ্বকাপে ক্রিকেটারদের নিরপত্তার শঙ্কায় দল পাঠাবে না বাংলাদেশ। আজ আইসিসিকে এক ই-মেইলে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মেইলে বিসিবি জানিয়েছে, নিরপত্তার শঙ্কায় ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। এসময় ভেন্যু সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয় বিসিসিআই। এই ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়। আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় হওয়ার কথা।
শনিবার বিসিবির জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হয় অনলাইনে। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় তিনটি ম্যাচ আছে। আজ যা ঘটেছে সে বিষয়ে আমরা আইসিসিকে লিখব।’
বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও দলের নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। বিসিসিআই ‘সাম্প্রতিক পরিস্থিতি’র কথা উল্লেখ করে মুস্তাফিজকে আইপিএল থেকে সরানোর ব্যাখ্যা দেওয়ায় এই সন্দেহ আরও বেড়েছে।
আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি বিসিবিকে পুরো বিষয়টি আইসিসিকে ব্যাখ্যা করতে বলেছি।’ তিনি আরও লেখেন, ‘যেখানে চুক্তিবদ্ধ হয়েও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে পারে না, সেখানে পুরো বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে গিয়ে নিরাপদ বোধ করতে পারে না।’ তিনি যোগ করেন, ‘আমি বোর্ডকে নির্দেশ দিয়েছি যেন বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়।’