ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশকে বাদ দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত ২১ জানুয়ারি আইসিসি বোর্ডের ভার্চুয়াল সভায় ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও অবস্থান না বদলানোয় বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
আইসিসির পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের ওই ভার্চুয়াল সভায় মূল আলোচ্য ছিল—নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত। সভায় ভোটাভুটিতে সিদ্ধান্ত হয়, বাংলাদেশকে খেলতে হলে ভারতেই খেলতে হবে; অন্যথায় বিকল্প দল নেওয়া হবে। নির্ধারিত সময় পেরিয়ে প্রায় দুই দিন পর বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ক্রিকবাজ।
আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পাবে। গ্রুপ পর্বে তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। এই তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। পরে মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে স্কটল্যান্ড।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সংযোগ গুপ্ত আনুষ্ঠানিকভাবে আইসিসি বোর্ড সদস্যদের কাছে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের দাবিগুলো আইসিসির নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং বাংলাদেশ আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানছে না। এই পরিস্থিতিতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো বিকল্প ছিল না বলে চিঠিতে জানানো হয়।
চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলাম-কেও পাঠানো হয়েছে। একই সঙ্গে আইসিসির পক্ষ থেকে ক্রিকেট স্কটল্যান্ডকেও ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।
ক্রিকবাজ জানায়, তারা ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দুবাই ও এডিনবার্গের মধ্যে এ বিষয়ে যোগাযোগ হয়েছে বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে শুক্রবার দুবাইয়ে আইসিসির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ–সংক্রান্ত ভবিষ্যৎ বিষয়ে চূড়ান্ত অবস্থান নির্ধারণ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শেষ চেষ্টা হিসেবে ভেন্যু পরিবর্তনের দাবিতে বিসিবি আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আবেদন করেছিল। তবে ওই কমিটি বাংলাদেশের আপিল খারিজ করে দেয় এবং আইসিসি বোর্ডের সিদ্ধান্ত বহাল রাখে।