ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ক্রিকেট অঙ্গন। বিশ্বকাপ শুরুর আগে ও পরে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের দেওয়া পরস্পরবিরোধী বক্তব্য নিয়ে এবার সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
বিশ্বকাপ শুরুর প্রাক্কালে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, বাংলাদেশে খেলতে না যাওয়ার বিষয়টি সরকারের সিদ্ধান্ত। তবে পরবর্তী সময়ে তিনি অবস্থান পরিবর্তন করে দাবি করেন, এটি সরকারের নয় বরং বিসিবি এবং ক্রিকেটারদের নিজস্ব সিদ্ধান্ত ছিল। গত ১০ ফেব্রুয়ারি তিনি গণমাধ্যমকে বলেছিলেন, ‘সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। দেশের ক্রিকেট ও মানুষের নিরাপত্তার স্বার্থে তারা নিজেরা এই ত্যাগ স্বীকার করেছে।’
আজ শুক্রবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ সালাউদ্দিন সাবেক এই উপদেষ্টার বক্তব্যকে সরাসরি ‘মিথ্যা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এভাবে মিথ্যা বলবেন, তা ভাবা যায় না। আমরা এটি মানতে পারছি না। এখন ছেলেদের সামনে মুখ দেখাব কীভাবে?’
দলের অভ্যন্তরীণ পরিস্থিতি তুলে ধরে সালাউদ্দিন আরও যোগ করেন, ‘আমি জানি আমার দুজন খেলোয়াড় কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে তারা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তাদের টুর্নামেন্টে (অদম্য কাপ) মাঠে ফিরিয়ে আনতে পারাটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। একটি দলকে মাত্র এক সেকেন্ডে নষ্ট করে দেওয়া হয়েছে।’
চলতি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় টাইগাররা এবারের আসরে অংশ নেয়নি। এই সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই নানা আলোচনা-সমালোচনা চলছিল। বিসিবির সহকারী কোচের এমন বিস্ফোরক মন্তব্যের পর বিষয়টি নতুন মাত্রা পেল। বিশেষ করে খেলোয়াড়দের মানসিক অবস্থা এবং নীতিগত সিদ্ধান্তের জায়গাটি নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।