সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বুধবার মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে নেপালকে চাপে রাখে বাংলাদেশের যুবারা। ম্যাচের সপ্তম মিনিটে গোল করার একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছিল। মুরশেদ আলীর দারুণ এক পাসে বল পেয়েছিলেন নাজমুল হুদা ফয়সাল। তবে ডি-বক্সের ভেতর সুবিধাজনক অবস্থানে থেকেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি। সে সময় গোলপোস্টের সামনে ফাঁকায় দাঁড়িয়ে থাকা সতীর্থ রোনান সুলিভানকে পাস না দিয়ে ফয়সাল নিজেই শট নেওয়ার সিদ্ধান্ত নেন, যা পোস্টের অনেকটা বাইরে দিয়ে চলে যায়।
তবে এই আক্ষেপ দীর্ঘস্থায়ী হয়নি। ম্যাচের ১১তম মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। মুরশেদ আলীর নেওয়া কর্নার কিক থেকে আসা মাপা ক্রসে ডি-বক্সের জটলার ভেতর থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান মোহাম্মদ মানিক। মানিকের এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
গোল খাওয়ার পর নেপাল সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। তারা বেশ কিছু আক্রমণ শানালেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল দারুণ সজাগ। লিড নেওয়ার পর বাংলাদেশ আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং প্রতি-আক্রমণ থেকে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায়। এর মধ্যে রোনান সুলিভান একবার গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
দ্বিতীয়ার্ধেও দুই দলের মধ্যে দুর্দান্ত লড়াই হয়েছে। নেপাল ম্যাচে ফেরার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, তবে বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক ছিলেন অবিচল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় মানিকের করা একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ের ফলে বর্তমান চ্যাম্পিয়নরা ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করল।