ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে তৈরি হওয়া দীর্ঘদিনের অস্থিরতা ও কূটনৈতিক টানাপোড়েন কাটাতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) একটি চিঠি পাঠিয়েছে বিসিবি। ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি ঘটেছিল চলতি বছরের শুরুতে মোস্তাফিজুর রহমানের আইপিএল চুক্তি বাতিল এবং নানাবিধ কূটনৈতিক সংবেদনশীলতার জেরে। এর প্রতিক্রিয়ায় নিরাপত্তার কারণ দেখিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল বিসিবি। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলের দাবি পূরণ না হওয়ায় বিশ্বকাপের মূল পর্ব থেকে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এখন বাস্তবমুখী অবস্থানে ফিরতে চাইছে বিসিবি। বিসিসিআইকে পাঠানো চিঠিতে মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, গত সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের কথা থাকলেও তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল বিসিসিআই। বিসিবি এখন সেই ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজটি পুনরায় চালুর প্রস্তাব দিয়েছে।
দ্বিতীয়ত, আগামী বছর ভারতের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে নতুন করে আলোচনার টেবিলে বসতে চায় বিসিবি। এছাড়া আগামী বছর এশিয়া কাপ আয়োজনের স্বত্ব বাংলাদেশের কাছে থাকায় সেই আসরে ভারতের অংশগ্রহণ নিশ্চিত করাও বিসিবির জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিসিবি মূলত ক্রিকেটীয় অচলাবস্থা কাটিয়ে বন্ধুত্বের হাত বাড়াতে চাইছে।
তবে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বিসিসিআই এখনো এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ভারতীয় বোর্ড জানিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ বা সফরের ভেন্যু চূড়ান্ত করার বিষয়টি সম্পূর্ণভাবে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সংকেত না পাওয়া পর্যন্ত বিসিসিআই কোনো ধরনের প্রতিশ্রুতি দিতে পারছে না।
বর্তমানে বাংলাদেশ দল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে। দুই দল পরস্পরের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। আগামী ১৭ এপ্রিল প্রথম ওয়ানডের মাধ্যমে এই সিরিজটি শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই ভারতের সাথে ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক করার এই জোর তৎপরতা শুরু করল বিসিবি।