ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ যুব ফুটবল দল। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় মালদ্বীপ থেকে চ্যাম্পিয়ন দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের উষ্ণ ও ফুলেল অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সাবেক তারকা ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী বিমানবন্দরে উপস্থিত হয়ে দলের কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানান। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে চ্যাম্পিয়ন রোনান-মাহিনদের ছাদখোলা বাসে করে রাজধানীর হাতিরঝিলে নিয়ে যাওয়া হয়। সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা ও পুরস্কার প্রদানের আয়োজন করা হয়েছে।
মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা অক্ষুণ্ণ রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে ২০২৪ সালেও বাংলাদেশ এই ট্রফি জিতেছিল। এবারের আসরে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন বাংলাদেশের ইসমাইল হোসেন মাহিন।
টুর্নামেন্টের গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়ে এবং ভারতের বিপক্ষে ড্র করে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। ফাইনালের নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হলে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। যুব ফুটবলে এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।