চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অনুপস্থিতিকে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের 'সাংঘাতিক ভুল' বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। দলটি তখন ভালো ছন্দে থাকলেও বিশ্বকাপে অংশ নেওয়া হয়নি, আর সেই সিদ্ধান্তের আক্ষেপ এখনও রয়ে গেছে বলে মনে করেন তিনি।
মূলত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে প্রত্যাহার করাকে কেন্দ্র করে ভারত ও আইসিসির সঙ্গে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের জেরে বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। তৎকালীন সরকার দাবি করেছিল, দেশের গৌরব ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই যুক্তি এখন যথেষ্ট প্রশ্নবিদ্ধ।
সাকিব বলেন, 'এটা অনেক বড় ক্ষতি। গোটা দেশ তাদের দলকে বিশ্বকাপে দেখতে ভালোবাসে। বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, এটা বিগ মিস। এটা সেই সরকারের সাংঘাতিক ভুল ছিল।'
বিশ্বকাপে না যাওয়ার প্রভাব ছিল সুদূরপ্রসারী। ভূরাজনৈতিক বিবেচনা থেকে ক্রিকেটীয় কূটনীতি—সর্বত্রই এ নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছিল। সমর্থকদের পাশাপাশি খোদ ক্রিকেটাররাও ভেঙে পড়েছিলেন। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরও সেই কষ্ট এখনও অনুভব করছেন সাকিব, তাঁর কথাতেই তা স্পষ্ট।