সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি নিয়ম রক্ষার হলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াই হওয়ায় বাড়তি গুরুত্ব পাচ্ছে। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে জয় দিয়ে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় বাংলাদেশ।
রোববার (৩১ মে) ভারতের গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটিয়েছেন সাবিনা খাতুন, মারিয়া মান্দা ও রূপনা চাকমাদের দল। সকালে গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করেন তারা। ওয়ার্ম-আপ, পাসিং ড্রিল, পজেশন হোল্ড এবং ম্যাচ-সিনারিও ভিত্তিক অনুশীলনে অংশ নেন ফুটবলাররা।
অনুশীলনের শেষ পর্যায়ে প্রধান কোচ পিটার বাটলার ট্যাকটিক্যাল পজিশনিং ও সেট-পিস কৌশলের ওপর বিশেষ গুরুত্ব দেন। স্বস্তির বিষয়, স্কোয়াডের সব খেলোয়াড়ই পুরোপুরি ফিট রয়েছেন। ফলে ভারতের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার বলেন, “বাংলাদেশ এখন একটি সম্পূর্ণ ভিন্ন দল। আমরা অনেক ভালো ফুটবল খেলছি এবং দলে কয়েকজন প্রকৃত ম্যাচ উইনার রয়েছে। ভারত আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইলে আমরাও প্রস্তুত। প্রয়োজন হলে আমরা রক্ষণ সামলাতে পারি, আবার গোলের সুযোগও তৈরি করতে পারি।”