গাজীপুরের পুবাইল থানার বসুগাঁও এলাকায় অবস্থিত একটি কার্টন উৎপাদন কারখানায় আগুন লেগেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ৩টার দিকে ‘দিশারী কম্পোজিট লিমিটেড’ নামের এই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তিনতলা স্টিল স্ট্রাকচারের এই কারখানায় হঠাৎ আগুনের শিখা দেখা দেয়। কারখানায় বিপুল পরিমাণ কার্টন ও দাহ্য কাঁচামাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং স্থানীয়রা আতঙ্কে পড়ে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, ‘কারখানায় থাকা দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তার কারণে আশপাশের এলাকা থেকে মানুষদের সরিয়ে আনা হয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।’
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, গাজীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।