লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২১ ডিসেম্বর) ভোরে লালমনিরহাট ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীন আংগোরপোতা সীমান্ত এলাকা থেকে ওই বিএসএফ সদস্যকে আটক করা হয় বলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য বলে জানিয়েছে বিজিবি।
স্থানীয় সূত্র জানায়, আংগোরপোতা বিওপির দায়িত্বপূর্ণ ডাংগাপাড়া এলাকায় সীমান্ত পিলার ডিএএমপি ১/৭-এস–এর কাছে দিয়ে ভোরে ওই বিএসএফ সদস্য বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় দায়িত্ব পালনরত বিজিবির টহল দল তাকে আটক করে। আটকের সময় তার কাছ থেকে ব্যক্তিগত অস্ত্র, গোলাবারুদ ও কয়েকটি সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাকে আংগোরপোতা বিওপিতে নিয়ে গিয়ে বিজিবির হেফাজতে রাখা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বিএসএফ সদস্য দাবি করেছেন, গরু চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে ঘন কুয়াশার কারণে দিকভ্রান্ত হয়ে তিনি ভুলবশত বাংলাদেশে প্রবেশ করেন। ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে ভারতীয় বাহিনী অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে।
ভারতীয় পক্ষ থেকে আটক সদস্যের পরিচয় নিশ্চিত করে তাকে দ্রুত ফেরত দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।