হলফনামার তথ্য
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আমির হামজার বার্ষিক আয় ৯ লাখ ১৬ হাজার ৪০০ টাকা। ব্যবসা ও কৃষিকে পেশা হিসেবে উল্লেখ করা আমির হামজা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তাঁর আয়, সম্পদ ও নির্বাচনী ব্যয়ের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।
কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াত প্রার্থী মো. আমির হামজা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় জানিয়েছেন, তাঁর স্ত্রী ও তিন মেয়েসহ পরিবারের নির্ভরশীল সদস্যদের মোট বার্ষিক আয় ১ লাখ ২০ হাজার টাকা।
হলফনামার তথ্য অনুযায়ী, আমির হামজার অস্থাবর সম্পদের মোট মূল্য (অর্জনকালীন) ৪৬ লাখ ১১ হাজার ১২ টাকা। বর্তমানে এই সম্পদের আনুমানিক মূল্যও একই দেখানো হয়েছে। এর মধ্যে নগদ অর্থ রয়েছে ২ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর নামে জমা আছে ১২ লাখ ৪০ হাজার ৮৪২ টাকা। এ ছাড়া তাঁর মালিকানাধীন মোটরযানের মূল্য ২৫ লাখ ২৫ হাজার টাকা এবং ইলেকট্রনিক পণ্য ও আসবাবের উপহারমূল্য দেখানো হয়েছে ৬ লাখ টাকা। নিজের কোনো স্বর্ণালংকার নেই বলে উল্লেখ করেছেন তিনি। তবে স্ত্রীর উপহার হিসেবে পাওয়া ১০ ভরি সোনার মূল্য দেখানো হয়েছে ৬ লাখ টাকা।
হলফনামায় আমির হামজার স্ত্রীর নামে অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৮ লাখ ৯৪ হাজার ৬৩৬ টাকা, যার বর্তমান আনুমানিক মূল্য ২২ লাখ ৯৪ হাজার ৬৩৬ টাকা। এর মধ্যে নগদ রয়েছে ১ লাখ টাকা এবং ব্যাংকে জমা আছে ১ লাখ ৯৪ হাজার ৬৩৬ টাকা। তাঁদের তিন মেয়ের নামে ব্যাংকে ১ লাখ ২০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা জমার তথ্যও উল্লেখ করা হয়েছে।
স্থাবর সম্পদের বিবরণে দেখা যায়, আমির হামজার নামে ০.৭৮৩১ একর কৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য ১১ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা। তাঁর নামে আবাসিক বা বাণিজ্যিক ভবনের জমির পরিমাণ দশমিক ০৩৩০ একর, যার মূল্য দেখানো হয়েছে ৮৪ লাখ ৩৬ হাজার ৫৯০ টাকা। এ ছাড়া বাড়ি বা অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মূল্য ২০ লাখ টাকা। তাঁর স্ত্রীর নামে একই পরিমাণ জমির ওপর একটি ভবনের মূল্যও ৮৪ লাখ ৩৬ হাজার ৫৯০ টাকা দেখানো হয়েছে। পাশাপাশি স্ত্রীর নামে ১২ কাঠা কৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য ২ লাখ টাকা।
হলফনামায় আমির হামজা জানিয়েছেন, সর্বশেষ আয়কর রিটার্নে তিনি ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা আয় দেখিয়েছেন এবং এর বিপরীতে ৫৪ হাজার ৯৬০ টাকা আয়কর পরিশোধ করেছেন। আয়কর রিটার্নে তাঁর ঘোষিত মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা।
নির্বাচনী ব্যয়ের উৎস হিসেবে তিনি জানিয়েছেন, নিজের ব্যবসা ও কৃষি থেকে অর্জিত আয় থেকে ১৫ লাখ টাকা খরচ করবেন। এ ছাড়া আত্মীয়স্বজনের কাছ থেকে ঋণ ও স্বেচ্ছা অনুদান হিসেবে অর্থ নেওয়ার কথা উল্লেখ করেছেন। এর মধ্যে স্ত্রী বাড়িভাড়া বা মোহর, শ্বশুরের চাকরি ও চাষাবাদ থেকে ৫ লাখ টাকা, বাবার চাষাবাদ থেকে ৫ লাখ টাকা ধার নেওয়ার তথ্য রয়েছে। স্বেচ্ছা দান হিসেবে চাচার কাছ থেকে ৩ লাখ টাকা, দুলাভাইয়ের কাছ থেকে ৫ লাখ টাকা এবং আত্মীয়স্বজনের বাইরে যশোরের আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসক মহিউদ্দীনের কাছ থেকে ৫ লাখ টাকা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
হলফনামার তথ্যে আরও বলা হয়েছে, আমির হামজা ও তাঁর স্ত্রীর নামে কোনো ঋণ নেই। তাঁর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। তাঁর বিরুদ্ধে ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী (সংশোধনী ২০১৩) আইনে দায়ের করা দুটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।