শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কসহ পাঁচ সমন্বয়ক ও তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এ যোগদানকে কেন্দ্র করে জেলা শহরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের রঘুনাথ বাজারে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হযরত আলী।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকালীন প্রধান সমন্বয়ক ও জেলা কমিটির মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সমন্বয়ক আল মামুন সরকার, সমন্বয়ক ও সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, সংগঠক নাহিম আহমেদ নিলয়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. মনিবুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার নাফিস ও মো. রাহাত। এ ছাড়া সদর উপজেলা পর্যায়ের যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমানসহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক সক্রিয় কর্মী বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে বক্তব্যে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা তুলে ধরা হয়েছে। এই যোগদানের মাধ্যমে শেরপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো আরও সুসংগঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিএনপিতে সদ্য যোগ দেওয়া ফারহান ফুয়াদ তুহিন বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে আমরা আন্দোলনে নেমেছিলাম, সেটি বাস্তবায়নে আমরা কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারিনি। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বেই সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। সে কারণেই আমরা বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসিম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।