চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ছাত্রশিবিরের সাবেক এক নেতার বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে আলোচনা তৈরি হয়েছে। উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. মোবারক হোসেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এক কর্মিসভায় তিনি বিএনপিতে যোগ দেন। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হুমায়ন কবির সুমন এবং সদস্য সচিব মো. মোস্তফা কামাল সুমন ফুলের মালা পরিয়ে মো. মোবারক হোসেনকে স্বাগত জানান।
অনুষ্ঠানে উপস্থিত বিএনপি ও যুবদলের নেতারা নবাগত সদস্যকে দলের আদর্শ, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, ত্যাগী ও শিক্ষিত যুবকদের সক্রিয় অংশগ্রহণে দল আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
যোগদান অনুষ্ঠানে বক্তব্যে মো. মোবারক হোসেন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি বিএনপিতে যোগ দিয়েছি। দলের নীতি ও শৃঙ্খলা মেনে ইউনিয়নের উন্নয়ন, যুবসমাজের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখব।’
কর্মিসভায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের যুবদল এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।