মেহেরপুরের গাংনী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর স্থানীয় নেতা–কর্মীদের হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিরকুট উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। হুমকিদাতা হিসেবে চিরকুটে ‘জোড়পুকুর আওয়ামী লীগ’-এর নাম উল্লেখ করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের একটি দোকানের দেয়ালে সাঁটা চিরকুটটি প্রথম নজরে আসে। এতে বিএনপির সাত নেতা–কর্মীর নাম লিখে তাঁদের ‘দুনিয়াছাড়া’ করার হুমকি দেওয়া হয়। নামগুলো হলো—হাফিজুল ইসলাম, এনামুল, মহিবুল, সেন্টু, রফিকুল, মিঠুন ও জিকো। চিরকুটে লেখা ছিল, ‘তোদের আমরা দুনিয়া ছারা (দুনিয়াছাড়া) করবো। তৈরি থাকিস।’
স্থানীয় বাসিন্দাদের ধারণা, বৃহস্পতিবার গভীর রাতে কোনো এক সময় চিরকুটটি লাগানো হয়েছে। সকালে হাঁটতে বের হলে বিষয়টি চোখে পড়ে। এরপর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ–এর স্থানীয় নেতা–কর্মীরা এমন কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে। হুমকির ঘটনায় বিএনপি নেতা–কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে গাংনী থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’
ঘটনাটি ঘিরে এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি দ্রুত তদন্ত শেষ করার দাবি উঠেছে।