সাভারের একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে আবারও দুইটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহ দুটি এক নারী ও একটি ছেলে শিশুর হতে পারে।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রসাবের জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি ভেতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি আগুনে পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, গত বছরের ২৯ আগস্ট দিবাগত রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে ওই যুবকের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এরপর ১১ অক্টোবর রাতে একই কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়। পরে ১৯ ডিসেম্বর দুপুরে ওই কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেট থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসব ঘটনায় উদ্ধার হওয়া কোনো মরদেহের পরিচয় এখনো শনাক্ত হয়নি।