ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় এ আসনে দলটির কোনো প্রার্থী থাকছে না। জোটগত সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন বিএনপি জোটের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচন কমিশন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করে। পরে এ বিষয়ে দায়ের করা রিটও হাইকোর্টে খারিজ হয়। এর ফলে আসনটিতে বিএনপির নিজস্ব কোনো প্রার্থী না থাকায় জোটের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জসিম উদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তবে এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে পারেন। এ সংক্রান্ত আপিলের শুনানি আগামী সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জোটগত সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, কুমিল্লা-৪ আসনে জসিম উদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও তিনি একই তথ্য উল্লেখ করেন।
উল্লেখ্য, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ মোট পাঁচজন প্রার্থী প্রতীক পেয়েছেন।
শুক্রবার সকাল থেকেই জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনসহ অন্যান্য প্রার্থীরা কুমিল্লা-৪ আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।