ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন ভোলা-১ (সদর) আসনে বিএনপি–জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। শনিবার ভোলা শহরে একাধিক কর্মসূচিতে তিনি পরিচ্ছন্ন ও সহিংসতামুক্ত রাজনীতির অঙ্গীকার করেন এবং নির্বাচিত হলে ভোলা–বরিশাল সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভোলা শহরের নতুন বাজার এলাকায় বিজেপির কার্যালয়ের সামনে গরুর গাড়ি প্রতীকের গণসংযোগ অনুষ্ঠানে বক্তব্য দেন আন্দালিভ রহমান পার্থ। সেখানে তিনি বলেন, সালমান এফ রহমানকে তিনি ‘দরবেশ বাবা’ উপাধি দিয়েছেন এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে প্রচার করেছেন।
আন্দালিভ রহমান পার্থ বলেন, তিনি মারামারি ও হানাহানির রাজনীতি করেন না এবং তা পছন্দও করেন না। তাঁর লক্ষ্য সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্ন রাজনীতি করা। জনগণের ভোটে সংসদে যেতে পারলে ভোলা–বরিশাল সেতু, মেডিকেল কলেজসহ ভোলার সার্বিক উন্নয়নে কাজ করবেন বলেও আশ্বাস দেন তিনি।
এর আগে দুপুরে ঢাকা থেকে বরিশাল হয়ে স্পিডবোটে ভোলার খেয়াঘাটে পৌঁছান আন্দালিভ রহমান। সকাল থেকেই জাঙ্গালিয়া নদীর তীরে তাঁকে একনজর দেখার জন্য অপেক্ষা করেন হাজারো মানুষ। দুপুরের দিকে তিনি খেয়াঘাটে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে খেয়াঘাট থেকে গণসংযোগ ও শোডাউন নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভোলা শহরের নতুন বাজার ও বাংলা স্কুল মোড়ে পৃথক কর্মসূচিতে বক্তব্য দেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আন্দালিভ রহমান বলেন, মানবিক ভোলা গড়ে তুলতে চান তিনি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট কিংবা সালিসের নামে অর্থ আদায়ের রাজনীতি ভোলায় চলতে দেওয়া হবে না বলে জানান। তিনি বলেন, ভোলাকে সিঙ্গাপুর বানানো সম্ভব না হলেও, তাঁর কোনো আত্মীয়স্বজন দুর্নীতিতে জড়াবে না—এটা নিশ্চিত করতে পারবেন।
ভোটারদের যোগ্যতার ভিত্তিতে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি তাঁর চেয়ে যোগ্য কেউ থাকেন, তাঁকেই ভোট দিতে প্রস্তুত তিনি। আর যদি ভোলা–বরিশাল সেতু ও মেডিকেল কলেজ বাস্তবায়নের সক্ষমতা তাঁর আছে বলে মনে হয়, তাহলে দলমত নির্বিশেষে গরুর গাড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ভোলা-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর মনোনয়নপত্র তুললেও আসনটি বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে ছেড়ে দেওয়ায় তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। এ প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, রাগ ও জেদ দিয়ে ভালো কিছু করা যায় না। বিএনপি ও বিজেপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
গণসংযোগ শেষে আন্দালিভ রহমান উত্তর দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রামে গিয়ে তাঁর বাবা, বিজেপির সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর কবর জিয়ারত করেন। পরে তিনি ভোলা শহরের উকিলপাড়ায় নিজ বাড়িতে যান।