টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে রায়হান কবির ইমন নামের এক ইন্টার্ন চিকিৎসককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার বিকেলে হাসপাতাল এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে অন্য ইন্টার্ন চিকিৎসকেরা ইমনকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেন। এরপর হাসপাতালের পরিচালকসহ তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সেনাসদস্যরা উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশ অভিযুক্ত ইমনকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’