খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, দলটি ক্ষমতায় এলে দেশে হিন্দুরা নিরাপদ ও সম্মানের সঙ্গে বসবাস করবে। মঙ্গলবার বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ বক্তব্য দেন।
জনসভায় বক্তব্যে কৃষ্ণ নন্দী বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে হিন্দুরা দেশে থাকতে পারবে না—এমন প্রচার রয়েছে। তবে তার দাবি, দলটি ক্ষমতায় গেলে হিন্দুদের ‘জামাই-আদরে’ রাখা হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী টাকা দিয়ে ভোট কেনার রাজনীতিতে বিশ্বাস করে না। তার ভাষায়, ‘টাকা দিয়ে গরু-ছাগল কেনা যায়, ভোট নয়’। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, অর্থের বিনিময়ে ভোট না দিতে।
জামায়াতে ইসলামী খুলনা জেলা ও মহানগর শাখা আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি ছিলেন দলের আমির শফিকুর রহমান।
দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা-১ আসন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এ আসনে জামায়াতে ইসলামীর কৌশল হিসেবে হিন্দু অধ্যুষিত এলাকায় দলটির হিন্দু শাখার নেতা কৃষ্ণ নন্দীকে প্রার্থী করা হয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।
কৃষ্ণ নন্দী পেশায় ব্যবসায়ী। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে। তিনি জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি। ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রার্থী হলেও কৃষ্ণ নন্দীকে খুলনা-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
নির্বাচনি প্রচার প্রসঙ্গে কৃষ্ণ নন্দী বলেন, তাকে সব ধর্মের মানুষের ঐক্যের প্রতীক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, সাধারণ ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন এবং সীমিত সময়ের মধ্যেও জনগণ তাকে গ্রহণ করছে।