ফেনীর মহিপালে এসএ পরিবহনের কাউন্টারে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির সনহশ্লিষ্ট শাখার ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে আটক করা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
যৌথ বাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মহিপাল এলাকার এসএ পরিবহন শাখায় অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় শাড়ি ও থ্রিপিস, বিভিন্ন প্রসাধনী সামগ্রী—যার মধ্যে তেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট ও ফেসওয়াশ—এ ছাড়া বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করা হয়।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২ লক্ষ ১৫ হাজার ৮০০ টাকা।
চোরাচালানে সম্পৃক্ততার অভিযোগে এসএ পরিবহনের মহিপাল শাখার ম্যানেজার মো. আতিকুর রহমান (৩৭) ও সহকারী ম্যানেজার মো. ফারুক হোসেন (৩৫)কে আটক করা হয়েছে।
ফেনী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান, ‘নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা, মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে।’
আটক ব্যক্তিদের এবং জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।