ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ ও গণনা শেষে ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী, তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট। ফলে ৬৫ হাজার ১৩২ ভোটের ব্যবধানে জয় পান দিপু।
এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৮৮ হাজার ২৯ জন। মোট ভোটকেন্দ্র ছিল ১২৯টি। মোট ভোট পড়েছে ২ লাখ ৫৩ হাজার ৯৭১টি।
অন্যান্য প্রার্থীদের মধ্যে গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াসিম উদ্দিন ট্রাক প্রতীকে পেয়েছেন ২০৮ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭ হাজার ১৩৭ ভোট। আরও কয়েকজন স্বতন্ত্র ও দলীয় প্রার্থী নির্বাচনে অংশ নেন।
ভোট গণনা শেষে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় শেষ হয়।