ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৩৬৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৭৮৫ ভোট। ফলে ৩৮ হাজার ৫৮৩ ভোটের ব্যবধানে জয় পান নুরুদ্দিন অপু। অন্য দুই প্রার্থী তুলনামূলক কম ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৯৯ জন। ১১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন—বিএনপির মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, বাংলাদেশ জামায়াতে ইসলামের আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ মিয়া এবং জাতীয় পার্টির আব্দুল হান্নান।
বিজয়-পরবর্তী প্রতিক্রিয়ায় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘এই বিজয় শরীয়তপুর-৩ আসনের সর্বস্তরের মানুষের। ভোটের মাধ্যমে যে আস্থা রাখা হয়েছে, তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হবে।’ তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন এবং এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
নির্বাচনের দিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।