নাটোরের সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলতাব হোসেন আকন্দকে মারধরের ঘটনায় শামীম হোসেন নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। শামীম হোসেন উপজেলা যুবদলের সদস্য। বহিষ্কারের আদেশে বলা হয়েছে, দলীয় নীতিপরিপন্থী কর্মকাণ্ড ও নানা অনাচারের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিষ্কৃত নেতা ভবিষ্যতে কোনো ধরনের অপকর্মে জড়িত হলে তার দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রাখার অনুমতি নেই। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) ছাতারদীঘি ইউনিয়নের কালীগঞ্জ বাজারে শামীম হোসেনের নেতৃত্বে কয়েকজন যুবক আলতাব হোসেন আকন্দের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মারধরের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বহিষ্কৃত নেতা শামীম হোসেন বলেন, ‘বহিষ্কারের বিষয়টি শুনেছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’
হামলার শিকার আলতাব হোসেন আকন্দ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার ছেলে আব্দুল ওয়াহাব বাবু জানান, ‘২০২১ সালে একটি গ্রাম্য সালিসে অভিযুক্ত যুবদল নেতা শামীমের বিচার করেছিলেন তৎকালীন চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ। এরই জেরে এই হামলা ঘটেছে। আমরা এখনো থানায় মামলা দিইনি; পরিবেশ তৈরি হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’