চট্টগ্রামের রাউজানে মুহাম্মদ আবদুল মজিদ (৫০) নামের এক যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি স্থানীয় পুলিশ তদন্তকেন্দ্র থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত।
নিহত আবদুল মজিদ অলিমিয়াহাট বাজার এলাকার বাসিন্দা এবং স্থানীয় ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সন্ধ্যাবেলায় বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলে আসা একদল মুখোশধারী অস্ত্রধারী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক টিবলু কান্তি দে জানান, তার বুকে, কোমরে ও চোখের উপরে তিনটি গুলি লেগেছে এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
নিহত মজিদের স্ত্রী শাহনাজ বেগম জানান, এর আগেও তার স্বামীর ওপর প্রাণঘাতী হামলা হয়েছিল। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে এ নিয়ে ২১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল, যার মধ্যে ১৫টি রাজনৈতিক সংশ্লিষ্ট বলে দাবি করা হচ্ছে। গত ৫ জানুয়ারি একই বাজারে একইভাবে আরেক যুবদল নেতাকে হত্যা করা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গত কয়েক মাসে রাউজানে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় অন্তত সাড়ে তিনশ মানুষ আহত হয়েছেন।