দিনাজপুরের বিরামপুরে হাসপাতালের এক আয়াকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার হুমায়ুন কবিরকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) সন্ধ্যায় রাজশাহী মহানগর এলাকা থেকে র্যাব-৫-এর সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হুমায়ুন কবির বিরামপুর উপজেলার বাসিন্দা। মঙ্গলবার (৩ মার্চ) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী (৪০) দীর্ঘ দিন ধরে হুমায়ুন কবিরের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকতেন এবং তাঁর হাসপাতালেই আয়া হিসেবে কর্মরত ছিলেন। গত ৫ জানুয়ারি কাজ শেষে বাসায় ফেরার পর রাত সাড়ে ১২টার দিকে হুমায়ুন কবির ওই নারীর কক্ষে গিয়ে পানি চান এবং একপর্যায়ে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। ঘটনার পর বিয়ের আশ্বাস দিয়ে বিষয়টি গোপন রাখতে বললেও পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক রাসেল মাহমুদ ওই নারীকে এ নিয়ে প্রাণনাশের হুমকি দেন।
এই ঘটনায় গত ৭ জানুয়ারি ভুক্তভোগী নারী বাদী হয়ে হুমায়ুন কবির, রাসেল মাহমুদসহ অজ্ঞাতপরিচয় আরও দুইজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিরামপুর থানায় মামলা করেন। মামলার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে প্রধান আসামি হুমায়ুন কবিরকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।