পুরান ঢাকার হোসেনি দালান এলাকার একটি বাসা থেকে নাহিদা আক্তার ববি (২৯) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ববি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে কর্মরত ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয় এবং আজ শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
নিহত নাহিদা আক্তার ববি সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনি এলাকার বাসিন্দা। তিনি হোসেনি দালান এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার ইফতারের সময় নাহিদার সঙ্গে তাঁর স্বামী ইলিয়াসের ঝগড়া হয়। এরপর ইলিয়াস বাসা থেকে বের হয়ে যান। রাতে ফিরে এসে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে তা ভেঙে ভেতরে ঢোকেন এবং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় স্ত্রীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ওসির তথ্যমতে, ওই চিরকুটে নাহিদা তাঁর মৃত্যু জন্য স্বামী ইলিয়াস ও শ্বশুরবাড়ির লোকজনকে দায়ী করে তাঁদের বিচার চেয়েছেন।
নিহতের স্বজনরা জানান, তাঁরা পুলিশের মাধ্যমে এই মৃত্যুর খবর পেয়েছেন। তবে ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে তাঁরা এখনো নিশ্চিত নন। পুলিশ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।