জামালপুর সদর উপজেলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১–এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সদর উপজেলার পাকুল্লা এলাকার ফারুক হোসেন (৩০), মনসুর আলী (২৭) ও ফেরদৌস হোসেন (২২)। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে ওই গৃহবধূ ও তাঁর স্বামী ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে রশিদপুর চৌরাস্তা এলাকায় আসামিরা তাঁদের গতি রোধ করেন। এরপর স্বামীকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে ওই গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন তাঁরা। ঘটনার পরদিন ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ৬ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি ফজলুল হক জানান, ভুক্তভোগী গৃহবধূসহ চারজনের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালত আসামিদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অন্য একটি ধারায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।