রাজধানীর খিলক্ষেতে ‘ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট’-এ এসি মেরামতের সময় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) ভোরে ঘটা এই দুর্ঘটনায় হোটেলের ৪ জন কর্মচারী দগ্ধ হয়েছেন। দগ্ধদের দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন—মনসুর (৩২), আব্দুল মতিন (৬৭), মাহিন (১৭) ও আব্দুল জলিল (৬৭)। তাঁরা সবাই হোটেলের কারিগরি ও রক্ষণাবেক্ষণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। ভোরে হোটেলের এয়ার কন্ডিশনার (এসি) মেরামতের কাজ চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে।
আহতরা জানান, কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই সেখানে উপস্থিত ৪ জন দগ্ধ হন। সহকর্মীরা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনাগ্রহ প্রকাশ করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মনসুরের শরীরের ২১ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। বাকি তিনজনের মধ্যে আব্দুল মতিনের ৫ শতাংশ, মাহিনের ৫ শতাংশ এবং আব্দুল জলিলের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে চারজনকেই হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।