রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ঈদের দিন চুরি হওয়া দুই বছর বয়সী শিশু ফোজাইলকে মধ্যরাতে উদ্ধার করেছে র্যাব। শনিবার (২১ মার্চ) দুপুরে হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার পর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।
রোববার (২২ মার্চ) বিকেলে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন। উদ্ধার হওয়া শিশু ফোজাইলের বাবা মাজহারুল ইসলাম ও মা নুসরাত জাহান তাকিয়া। তারা বর্তমানে রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় বসবাস করছেন।
শিশুটির মা নুসরাত জাহান তাকিয়া জানান, তার বাবা হাফেজ নাসির উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালের ভবন-২ এর তৃতীয় তলার হৃদরোগ বিভাগে ভর্তি ছিলেন। শনিবার দুপুরে তারা হাসপাতালের ওয়ার্ডে খাবার খাওয়ার সময় হঠাৎ ফোজাইলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হাসপাতালের ভেতরে ও বাইরে ব্যাপক খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার পর রাতেই শিশুটির স্বজনদের মোবাইল ফোনে কল করে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ বিষয়টি জানার পর র্যাব-১০ এর একটি আভিযানিক দল মাঠে নামে। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের সূত্র ধরে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
এসআই রাশিদুল আলম জানান, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। ঈদের দিনে হাসপাতালের মতো সুরক্ষিত স্থান থেকে শিশু চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।