ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত শুনানি শেষে এই আদেশ দেন।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কে এম রাশিদুর রহমান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে জাহিদ অন্তুর আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার ক্লাস চলাকালীন জাহিদ অন্তুর সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও এক পর্যায়ে তা ভেঙে যায় এবং যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, একটি পণ্যের ফটোশুটের বিষয়ে কথা বলতে গত ২৭ মার্চ সন্ধ্যায় জাহিদ তাকে গুলশানের বাসায় ডাকেন। মঙ্গলবার সন্ধ্যায় ওই শিক্ষার্থী জাহিদের বাসায় গেলে জাহিদ তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। এসময় শিক্ষার্থী বাধা দিলে জাহিদ তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে ওই ছাত্রীর মুখ, গলা ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জখম হয়।
পরবর্তীতে ওই শিক্ষার্থী কৌশলে জাহিদের বাসা থেকে বেরিয়ে আসেন এবং স্বজনদের সহযোগিতায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এই ঘটনায় তিনি বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন।