রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঘটা এই দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার ভেতর থেকে একের পর এক মরদেহ বেরিয়ে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ বা আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুনের তীব্রতা বেড়ে যায়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ শুরু করলেও পরে আগুনের ব্যাপকতা বিবেচনায় ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। শেষ পর্যন্ত ৭টি ইউনিটের সম্মিলিত চেষ্টায় দুপুর ২টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে গ্যাসলাইটার তৈরির কাঁচামাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান ও ডাম্পিংয়ের কাজ চলছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।