রাজধানীর শাহজাহানপুর থানাধীন মৌচাক মোড় এলাকার ফ্লাইওভারের ওপর থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শাহজাহানপুর থানা পুলিশ জানায়, রাত দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ থেকে খবর পেয়ে পুলিশ মৌচাক মোড় ফ্লাইওভারের ওপর পৌঁছায়। সেখানে শরীর সম্পূর্ণ পুড়ে যাওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের অবস্থা এতটাই দগ্ধ যে, তাৎক্ষণিকভাবে সেটি পুরুষ নাকি নারীর, তা শনাক্ত করা সম্ভব হয়নি।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান সরকার জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। দগ্ধ ব্যক্তির পরিচয় ও লিঙ্গ নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।