অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান ও ভারতের লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন। সম্প্রতি এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এই দাবি তোলেন।
ভারতীয় সংবাদমাধ্যম *ইকোনমিক টাইমস*-এর প্রতিবেদনে বলা হয়, জনসভায় ওয়াইসি বলেন, ‘একজন ক্রিক্রটারকে (মোস্তফিজুর রহমান) বাদ দিয়ে মহারাষ্ট্রের (বিজেপি) সরকার মহারাষ্ট্র, মুম্বাইয়ের জনগণকে বলছে—আমরা বাংলাদেশিদের তাড়িয়ে দিয়েছি। আরে, আরও একজন জনকে তাড়িয়ে দিন না! মোদিজির বোন হিসেবে দিল্লিতে যে বসে আছে। আপনারা কি চান জনাবাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক?’ তাঁর এই বক্তব্যে সমাবেশে উপস্থিত জনতা হর্ষধ্বনিতে সমর্থন জানায়।
এরপর ওয়াইসি উপস্থিতদের উদ্দেশে বলেন, যদি তারা এটি চান, ‘তাহলে সবাই স্লোগান দিন—নারায়ে তকবির।’ সঙ্গে সঙ্গে জনতা ‘আল্লাহু আকবার’ ধ্বনি দেয়। এ সময় তিনি সরাসরি নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘মোদি জি এই আওয়াজ শুনুন—তাঁকে নিয়ে যান, তাঁকে বের করে দিন। তাঁকে বাংলাদেশ পৌঁছে দিন।’
এর আগেও শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা করেছিলেন ওয়াইসি। গত বছরের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেন, কংগ্রেস ও রাজ্য জনতা দল (আরজেডি) বিহারে তথাকথিত বাংলাদেশি ‘অনুপ্রবেশকারীদের’ আশ্রয় দিচ্ছে। ওই বক্তব্যের পাল্টা জবাবে ওয়াইসি বলেন, বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে সীমাঞ্চল অঞ্চলে, যেখানে আগের নির্বাচনে তাঁর দল ভালো ফল করেছিল।
সে সময়ও মোদিকে লক্ষ্য করে ওয়াইসি বলেন, ‘মোদিজি বলেছেন, বিহারে বাংলাদেশি আছে।’ এরপর তিনি যোগ করেন, ‘মোদিজি, বিহারে বা সীমাঞ্চল অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন বসে আছেন। তাঁকে বাংলাদেশে পাঠান। সীমাঞ্চল অঞ্চলে আনুন, আমরাই তাঁকে বাংলাদেশে পৌঁছে দেব!’
ওয়াইসির এসব বক্তব্যে শেখ হাসিনাকে ইঙ্গিত করেই প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ করা হয়েছে। ছাত্র–জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন। এরপর থেকে তিনি দিল্লিতেই অবস্থান করছেন।